নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. ইসমাইল বলেছেন, নারী-পুরুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। বর্তমানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দক্ষতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
লোহাগাড়া উপজেলা প্রশাসন ও আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউট যৌথভাবে এ আয়োজন করে। এতে স্বাগত বক্তব্য দেন আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ইঞ্জি. মো. নুরুল আমিন ।
নিজের অভিজ্ঞতা থেকে ড. ইসমাইল বলেন, কারিগরি শিক্ষা হচ্ছে হাতে-কলমে শিক্ষা। তাই এই শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হয়। দেশের সরকারি-বেসরকারি প্রায় প্রতিটি সেক্টরে এই জনশক্তির চাহিদা রয়েছে। আমার জীবনে আমি একজনকেও দেখিনি যিনি কারিগরি শিক্ষা অর্জনের পর বেকার থেকেছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা নুরুল ইসলাম, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জি. মো. ইউনুছ এবং কলাউজান সুখছড়ী গৌর সুন্দর উচ্চ বিদ্যাপীঠ সভাপতি আব্দুর রহমান।
সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের সঙ্গে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।
এসএস/আলোকিত চট্টগ্রাম
