চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ছিটকে পড়েছে মহাসড়কের পাশে। এতে অন্তত ২০ জন রক্তাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের বড়ুয়াপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে সাতকানিয়া অভিমুখী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংর্ঘষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে পটিয়া হাইওয়ে পুলিশ ও পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন— রফিকুল ইসলাম (২১), মো. খলিল (৪০), খালেক (৫৫), নুরুল আলম (৩২), জয়নাল আবেদীন (৩৮), ওসমান (৪০), মালেকা আকতার (৪০), নুসরাত (২০) ও রবি (১৯)। তারা সবাই বাসের যাত্রী এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যোগাযোগ করা হলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া সুলতানা আলোকিত চট্টগ্রামকে বলেন, মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
জানতে চাইলে পটিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. জসীম আলোকিত চট্টগ্রামকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালানো হয়। বাস ও প্রাইভেট কারটি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তারা সবাই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কেএ/আলোকিত চট্টগ্রাম


