লোহাগাড়ায় মধ্যরাতে গুলিবিদ্ধ মেম্বারকে কোপাল এলোপাতাড়ি, ২ ছেলেকেও গুলি

লোহাগাড়ায় মধ্যরাতে বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মো. রফিক উদ্দিনকে (৫০) গুলি করার পর এলোপাতাড়ি কুপিয়েছে একদল দুর্বৃত্ত। গুলিবিদ্ধ করেছে তাঁর দুই ছেলেকেও।

১১ আগস্ট (সোমবার) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের (৮নং ওয়ার্ড) কুমিরাঘোনার কালাগোদারপুল কালিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে লোহাগাড়া আর্মি ক্যাম্পের টহল টিম ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনাস্থলে যান।

দুর্বৃত্তের গুলিতে আহত মো. রফিক উদ্দিন বড়হাতিয়ার কুমিরাঘোনা কালাগোদারপুল কালিনগর এলাকার বাসিন্দা এবং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। গুলিবিদ্ধ দুজন রফিক মেম্বারের ছেলে— মো. ফয়সাল (২৬) ও মিশবাহ উদ্দিন মিশাল (২৩)।

পারিবারিক সূত্রে জানা গেছে, রফিক উদ্দিন প্রকাশ রফিক মেম্বার ও তার ছেলে মিশাল মোটরসাইকেলে যাচ্ছিলেন। বাড়িঘাটা এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় তারা মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা মেম্বার রফিককে ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়াভাবে কোপাতে থাকে। তাদের চিৎকার শুনে আরেক ছেলে ফয়সাল বাড়ি থেকে বের হয়ে বাবা ও ভাইকে বাঁচাতে এলে তাকে লক্ষ্য করেও গুলি ছুড়ে। এ সময় ফয়সালও গুলিবিদ্ধ হন।

স্থানীয় ও পরিবারের লোকজন গুলিবিদ্ধ রফিক মেম্বার ও তাঁর ছেলেদের আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

যোগাযোগ করা হলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, বড়হাতিয়ার রফিক মেম্বার এবং তাঁর দুই ছেলে গুলিতে আহত হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm