টিনশেড ঘরে মদ তৈরি করে ৩ যুবক

আনোয়ারা টিনশেড ঘরে মদ তৈরি করে তিন যুবক। এদের মো. জামাল (৩৫) ও মো. পারভেজ (২৮) ধরা খেলেও অন্যজন পলাতক। টিনশেডের ওই ঘর থেকে উদ্ধার করা হয়েছে ১১০ লিটার চোলাই মদ এবং ৪০০ লিটার মদ তৈরির তরল উপকরণ।

শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত মো. ইদ্রিছ আলীর বাড়িতে এ অভিযান চালায় থানা পুলিশ।

আটকদের মধ্যে জামাল উপজেলার দক্ষিণ বারশত, ভোলাশাহ ফকির বাড়ির মো. জাগিরের ছেলে এবং পারভেজ মো. জানে আলমের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারশত ইউনিয়নের ওই টিনশেড ঘরে অভিযান চালানো হয়। অভিযানে ১১০ লিটার চোলাই মদ, ৪০০ লিটার মদ তৈরির তরল উপকরণ, পাতিল, প্লাস্টিক ড্রাম, গ্যাসের চুলা ও গ্যাসের বোতল জব্দ করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন মদ তৈরিসহ মদের ব্যবসা করে আসছিল। মাদক মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন পলাতক রয়েছে। তাকেও আটকের চেষ্টা চলছে।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm