আইনজীবী আলিফ খুন : বাদীকে সমন, ২৫ আগস্ট শুনানি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিটের গ্রহণযোগ্যতা শুনানিতে বাদীর ব্যক্তিগত উপস্থিতি চেয়ে সমন জারি করেছেন আদালত। আগামী ২৫ আগস্ট বাদীর উপস্থিতিতে হবে শুনানি।

রোববার (১০ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এসএম আলাউদ্দীন এ আদেশ দেন।

শুনানির সময় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আদালতকে জানান, মামলার বাদী ও নিহতের বাবা বয়সজনিত অসুস্থতার কারণে হাজির হতে পারেননি।

পরে আদালত বাদীর বরাবরে সমন ইস্যু করে ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেন।

এদিকে তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিটে বলা হয়, মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি মোট ৪২ জন। এর মধ্যে এজাহারভুক্ত ৩ জন ও তদন্তে প্রাপ্ত ১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

বর্তমানে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় ব্রহ্মচারীসহ গ্রেপ্তার আছেন ২০ জন, পলাতক রয়েছেন ১৮ জন।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm