লোহাগাড়ায় দুই হাজার ১শ পিস ইয়াবা ও ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার ও একটি কাভার্ডভ্যান।
৫ আগস্ট (মঙ্গলবার) পৃথক অভিযানে তাদের আটক করে লোহাগাড়া থানা পুলিশ। রাত পৌনে ১২টার দিকে উপজেলার চুনতি এবং একই দিন ভোর ৪টার দিকে উপজেলার আধুনগর এলাকায় এসব অভিযান চালানো হয়।
আটকরা হলো— কক্সবাজার জেলার টেকনাফ থানার কচু বানিয়াপাড়া (৭নং ওয়ার্ড) দক্ষিণপাড়া ভঙ্গ মসজিদ এলাকার মৃত বাচ্চা মিয়ার ছেলে (প্রাইভেট কার চালক) মো. আব্দুল করিম (৪০), চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের (৫নং ওয়ার্ড) দক্ষিণ অলিনগরের আবু আহামদের ছেলে (কাভার্ডভ্যান চালক) মো. নুরনবী (৪৬) এবং জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের (৬নং ওয়ার্ড) উত্তর ভূইয়া গ্রামের মুরশিদ আলমের ছেলে (কাভার্ডভ্যানের হেলপার) মো. শেখ আলম (৩৫)।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুর রহমানের নির্দেশনায় এসআই মো. কামাল হোসেন উপজেলার চুনতি ইউপির চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর চেক পোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে আসা একটি সাদা রঙের প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২ হাজার ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় প্রাইভেট কার চালক মো. আব্দুল করিমকে। এরপর প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ ১৩-৬৩৩২) জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
এদিকে একইদিন গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ভোর ৪টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। কক্সবাজার অভিমুখী একটি কাভার্ডভ্যান চেকপোস্ট অতিক্রম করার সময় থামার সংকেত দেয় পুলিশ। চেকপোস্টের সামনে এসে গাড়ি থামিয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে চালক ও হেলপার। কিন্তু কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের ধরে ফেলে। এ সময় কাভার্ডভ্যানে (ফেনী ট ১১-০৯৭২) তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যোগাযোগ করা হলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আটক আবদুল করিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পাইকারি ও খুচরা বিক্রির জন্য ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল। অপরদিকে আটক নুরনবী ও শেখ আলম জানায়, ৫০ কেজি গাঁজা তারা ফেনী জেলার বারৈয়ারহাট থেকে কক্সবাজার নিয়ে যাচ্ছিল। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএস/আলোকিত চট্টগ্রাম
