বন্ধুকে বাঁচাতে গিয়ে সাগরে ভেসে যাওয়া রাজীবের লাশ মিলল, বাসা দেওয়ানবাজারে

কক্সবাজার সমুদ্রসৈকতে পানিতে ভেসে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে নিখোঁজ যুবক রাজীবের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জুন) রাত ১২টার দিকে সৈকতের ‘কবিতা চত্বর’ পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে একইদিন বিকেলে পাঁচ বন্ধু সৈকতে গোসলে নামেন। এ সময় এক বন্ধুকে পানিতে তলিয়ে যেতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান রাজীবসহ অন্যরা। সেই বন্ধু রক্ষা পেলেও সাগরে ভেসে যান রাজীব।

আরও পড়ুন : রক্তবমির পর মারা গেলেন কক্সবাজারে সাগরে নামা বাবা-ছেলে

মো. রাজীব চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা উদ্ধারের পর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজীবের নিকটাত্মীয় কন্টেন্ট ক্রিয়েটর চিটাইংগে টিভির কাজী হান্নান আহমেদ উৎস মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, তার চাচাতো বোনের স্বামী রাজীব চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকার একটি দোকানে গ্রাফিক্স ডিজাইনারের কাজ করতেন। তিনি বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm