নববর্ষের অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রোববার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সিএমপি।
নির্দেশনায় বলা হয়েছ, চট্টগ্রাম মহানগরের ডিসি হিল সংলগ্ন নজরুল স্কয়ার এবং সিআরবি শিরীষতলায় সোমবার (১৪ এপ্রিল) ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদযাপনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া নগরের চারুকলা ইনস্টিটিউট ও শিল্পকলা একাডেমি থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এ লক্ষ্যে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (প্রয়োজন সাপেক্ষে) বিভিন্ন সড়কে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ডিসি হিল
নগরের লাভ লেইন (নুর আহম্মদ সড়কের মাথা), চেরাগী পাহাড়, এনায়েতবাজার মোড় ও বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন দেওয়া হবে। ফলে ডিসি হিল অভিমুখে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুন: পয়লা বৈশাখে চট্টগ্রামে কোথায়—কী আয়োজন
সিআরবি শিরীষতলা
নগরের সিআরবি কাঠের বাংলো, ফ্রান্সিস রোড, আট মার্সিং, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন রাস্তার মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন দেও হবে। ফলে সিআরবি শিরীষতলা অভিমুখে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বৈশাখী শোভাযাত্রা
নগরের চারুকলা ইনস্টিটিউট থেকে সকাল ৯টায় শোভাযাত্রা বের হয়ে চট্টেশ্বরী মোড়-আলমাস মোড়-কাজির দেউড়ি মোড়-এস এস খালেদ রোড- প্রেস ক্লাব ইউটার্ন-সার্সন রোড হয়ে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে ফিরবে। অন্যদিকে নগরের শিল্পকলা একাডেমী থেকে আরও একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে নগরের ওয়াসা মোড় প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে আসবে। এসব শোভাযাত্রা চলাকালে নগরের ওয়াসা মোড়, চট্টেশ্বরী মোড়, আলমাস মোড়, কাজির দেউড়ি মোড়, জামালখান খাস্তগীর স্কুল মোড় ও সিজিএস স্কুল মোড়ে রোড ব্লক স্থাপনের মাধ্যমে প্রয়োজন সাপেক্ষে ডাইভারশন দেওয়া হবে।
আরবি/আলোকিত চট্টগ্রাম
