চট্টগ্রামের চন্দনাইশে অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. নাঈম (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী বিওসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। এদের একজন অটোরিকশা চালক।
নিহতের নাঈম লোহাগাড়ার আমিরাবাদ এলাকার কর্মস্থলে যাচ্ছিলেন বলে জানা যায়।
আরও পড়ুন : মরতে গিয়েও বেঁচে গেল তরুণী
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে চন্দনাইশ থেকে ৪ জন যাত্রী নিয়ে অটোরিকশা সাতকানিয়ার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে বিওসি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নাঈম ও অটোরিকশা চালক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোরিকশায় থাকা অপর ২ যাত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনায় নাঈম নামে একজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরবি/আলোকিত চট্টগ্রাম


