মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে ‘লাশ’ হয়ে ফিরল সন্তান

ফটিকছড়িতে মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে আলভী নামে এক শিশু।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে আলভীর মরদেহ রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ।

আলভী রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়ির ওমান প্রবাসী মো. তসলিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : মায়ের চোখের আড়াল হয়ে লাশ হয়ে ফিরল মাইমুনা

জানা যায়, গত শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে শিশু আলভীকে নিয়ে ফটিকছড়ি উপজেলায় দাওয়াতে যান মা শরীফা আকতার। সবাই যখন দুপুরের খাবার খাওয়ায় ব্যস্ত তখন খেলছিল আলভী। সেখান থেকে হঠাৎ নিখোঁজ হয় সে। আজ (১৯ জানুয়ারি) দুপুরে একই এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. ইয়াছিন বলেন, শিশু আলভি মায়ের সঙ্গে ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরিফ সংলগ্ন আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। দুপুরের দিকে সে নিখোঁজ হয়। পরে আমরা ফটিকছড়ি থানায় গিয়েছিলাম। এরপর জানতে পারি ওই শিশুর মরদেহ পুকুরে পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলভীর মা শরীফা আকতার বলেন, আমি দাওয়াত খেতে গিয়েছিলাম, ছেলেকে হারিয়ে একা ফিরলাম।

এ বিষয় ফটিকছড়ি থানার ডিউটি অফিসার এসআই সুমন বলেন, খবর পেয়ে পুলিশের মোবাইল টিম পাঠায়। তবে শিশুর অভিভাবকরা বাচ্চার লাশ আগেই রাউজান নিয়ে চলে যায়। এ ঘটনায় কারো কোনো অভিযোগ নেই। যদি কেউ অভিযোগ করেন তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm