চট্টগ্রামের পাহাড়তলীতে কালো পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে পাওয়া গেছে দুটি বিদেশি রিভলবার ও ১৬ রাউন্ড বুলেট।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কাস্টমস একাডেমির পেছনে ধোপপুল ব্রিজের পশ্চিম পাশে ড্রেন সংলগ্ন এলাকায় দেয়ালের পাশে ইটের নিচ থেকে এগুলো উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদের নেতৃত্বে এসআই জাহেদ, এসআই সবুজ মিয়া, এএসআই আহসানুল করিমসহ সঙ্গীয় ফোর্সরা অভিযান চালান। অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি রিভলবার ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
ওসি বাবুল আজাদ জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
জেজে/আলোকিত চট্টগ্রাম

