বাঁশখালীতে একটি লরির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত এবং চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের একজন শিশু।
বুধবার ( ১৬ অক্টোবর) দুপুর ৩টায় প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদমাদার দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে। আহত ৪ জনকে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
নিহতরা হলেন— মহেশখালী উপজেলার হুয়ানক গ্রামের নুরুল ইসলামের ছেলে ওয়াসিম রহমাম (২২) এবং কালারমার ছড়ার উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়াপাড়ার মালয়েশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া (৩)।
আরও পড়ুন : ট্রাক খাদে—দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, একই পরিবারের ৩ জন নিহত, রক্তাক্ত ৩
আহতরা হলেন— নিহত রশ্মি বড়ুয়ার মা প্রিয়ন্তি বড়ুয়া (২১), মহেশখালীর হুয়ানক গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম কুদ্দুস (৬৮) ও অটোরিকশা চালক জাবের (১৯)। তবে আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হতাহত ৬ জন চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী প্রধান সড়ক হয়ে অটোরিকশায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় যাচ্ছিলেন। এসময় গ্যাস সিলিন্ডার ভর্তি একটি লরির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।
এ বিষয়ে বাঁশখালী থানার রামদাস পুলিশ ফাঁড়ির এসআই নুরুল হক হাওলাদার আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ৪ জনকে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইউবি/আরবি
