শারদীয় দুর্গাপূজার আজ সপ্তমী। গতকাল (৯ অক্টোবর) সন্ধ্যায় ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হয় পাঁচদিনব্যাপী এই দুর্গোৎসব। আগামীকাল (বৃহস্পতিবার) মহাষ্টমী ও কুমারী পূজা।
এদিকে পুজো ঘিরে নগরের পূজামণ্ডপগুলো নানা ধর্মীয় কর্মসূচি নিয়েছে। দুর্গোৎসব চলাকালে পূজামণ্ডপে প্রতিদিনই অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন রয়েছে। এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরও নানা কর্মসূচি রাখা হয়েছে।
আজ ভোরেই অনুষ্ঠিত হয় সপ্তমী পূজা। পূজা শেষে ভক্তদের দেওয়া হয় অঞ্জলি। এসময় মণ্ডপে ভিড় জমান পূজার্থীরা। দুপুরে বিভিন্ন মণ্ডপে বিতরণ করা হবে মহাপ্রসাদ। সন্ধ্যায় আরতি, সাংস্কৃতিক, নৃত্যানুষ্ঠানসহ রয়েছে নানা কর্মসূচি।
এদিকে ষষ্ঠীর রাত থেকেই দেবী দুর্গার দর্শনে নগরের পূজামণ্ডপগুলোতে ঢল নামে পূজার্থী ও দর্শনার্থীদের। বিশেষ করে চকবাজার, জেএমসেন হল, রাজাপুকুর লেইন, চেরাগী পাহাড়, হাজারী লেইন, টেরিবাজার এলাকায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুন : আজ ষষ্ঠী—পালকিতে এলো দেবী দুর্গা, ফিরবে ঘোড়ায়
নগরের জেএমসেন হল প্রাঙ্গণে এদিন বিকাল থেকে শুরু হয় কর্মসূচির। শুরুতে গীতাপাঠ, এরপর প্রতিমা মঞ্চের আবরণ উন্মোচন, সন্ধ্যারতি, মায়ের বোধন ও অধিবাস, রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সঙ্গীতানুষ্ঠান।
হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা এবার মর্তে এসেছেন দোলায় বা পালকিতে। আর ফিরবেন ঘোটকে বা ঘোড়ায়।
এদিকে আজ সপ্তমীর দিনেও পূজামণ্ডপে বিভিন্ন পূজা-অর্চনাসহ রয়েছে নানা কর্মসূচি। জেএমসেন হল প্রাঙ্গণে মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য। তিনি জানান, ভোর ৬টায় সপ্তমী পূজা, সকাল ৯টায় পুষ্পাঞ্জলি, দুপুর ২টায় জাগরণ পাঠ, দুপুর ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন এবং রাত সাড়ে ৮টায় সঙ্গীতানুষ্ঠান।
তিনি আরও জানান, আগামীকাল মহাষ্টমীতেও পূজাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। ভোর ৬টায় পূজা, সকাল ৯টায় পুষ্পাঞ্জলি, দুপুর ২টায় জাগরণ পাঠ, দুপুর ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সঙ্গে শুভেচ্ছা জ্ঞাপন এবং রাত সাড়ে ৮টায় সঙ্গীতানুষ্ঠান। প্রতিদিনের অনুষ্ঠানে পূজার্থী ও ভক্তদের অংশ নিতে অনুরোধ জানান তিনি।
এদিকে আজ সপ্তমীর রাতেও মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবেন ভক্ত ও দর্শনার্থীরা। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবদের নিয়ে ছুটে বেড়াবেন এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে।
প্রসঙ্গত, এবার চট্টগ্রাম নগরের ১৬ থানায় ২৯২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এছাড়া উপজেলায় ১ হাজার ৫৯৪টি মণ্ডপে প্রতিমা পূজা ও ৫২৮টিতে হচ্ছে ঘট পূজা।
আরবি/আলোকিত চট্টগ্রাম


