ছেলেকে বাঁচাতে গিয়ে ভেসে গেল বাবাও, ২ দিন পর মিলল মরদেহ

কক্সবাজার টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রোহিঙ্গা বাবা-ছেলের অর্ধগলিত মরদেহ দুদিন পর উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুলাই) দুপুর ৩টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— টেকনাফ উপজেলার জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের মৃত ছালামত উল্লাহর ছেলে নুর উল্লাহ (৩৭) এবং তার ছেলে রুহুল আমিন (১৩)।

আরও পড়ুন : মাতামুহুরীতেই মিলল মনছুর—মুবিনের মরদেহ

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, ছালামত উল্লাহ ও ছেলে রুহুল আমিন নাফ নদীতে নিয়মিত মাছ ধরতো। সোমবার সকালে বাবা-ছেলে মাছ ধরতে যায়। একপর্যায়ে স্রোতের টানে রুহুল আমিন ভেসে যায়। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

নৌ-পুলিশ পরিদর্শক আরও বলেন, আজ বিকেলে টেকনাফে নাফ নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটে দুজনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করে। পরে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm