নগরের রিয়াজউদ্দিন বাজারে কাপড় কিনতে গিয়ে মামাতো ভাইয়ের ধর্ষণের শিকার তরুণীর মামলায় মো. সুমন (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩০ জুন) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুরাদ এ মওলা সোহেল এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি সুমন নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি নগরের রিয়াজউদ্দিন বাজারে একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন।
আরও পড়ুন : চট্টগ্রামে লুঙ্গির গোছায় এলজি লুকিয়ে রাখা যুবকের ১৭ বছরের সাজা
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় আসামি সুমনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। ঘটনার পর থেকে সুমন পলাতক।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ৫ অক্টোবর রিয়াজউদ্দিন বাজারে কাপড় কিনতে গিয়েছিলেন ভুক্তভোগী তরুণী। এসময় তার মামাতো ভাই সম্পর্কের সুমন ভালো কাপড় কিনে দেওয়ার নামে একটি হোটেল রুমে নিয়ে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ধর্ষণ করেন ওই তরুণীকে। এ ঘটনায় নগরের কোতোয়ালী থানায় সুমনের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১২ জানুয়ারি সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এরপর ২০১০ সালের ২৪ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এ মামলায় ১২ জন সাক্ষীর মধ্যে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।
আরএস/আরবি
