পোস্টারের আড়ালে ইয়াবার চালান নিয়ে যাওয়া যুবকের যাবজ্জীবন জেল

পোস্টারের আড়ালে ইয়াবা পাচার করা শাহজাহানকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ মে) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান কুমিল্লা জেলার দাউদকান্দি থানার জিন্নাতলী মোল্লাবাড়ির মোহাম্মদ আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের বন্দর থানার মুন্সিপাড়া আজগরের ভাড়াঘরে থাকতেন।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ বলেন, লোহাগাড়া থানার মাদক মামলায় আসামি শাহজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড, অর্ধলাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জামিনে গিয়ে পলাতক আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরও পড়ুন : পেটে স্কচটেপ লাগিয়ে ইয়াবার চালান আনা যুবকের ৭ বছরের সাজা

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ১৫ জুন সকালে সাড়ে ১০টার দিকে লোহাগাড়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে শাহজাহানকে মোটরসাইকেলসহ আটক করে পুলিশ। এসময় তার কাছে থাকা একটি বাজারের ব্যাগে ‘গ্রামীণ বৈদ্যুতিক সামগ্রী’ লেখা বেশকিছু পোস্টারও পাওয়া যায়। সেসব পোস্টারের আড়ালে লুকানো দুটি পাতলা পলিথিনের ব্যাগ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ শাহজাহানকে আটক করার পাশাপাশি জব্দ করে মোটরসাইকেলটি।

এ ঘটনায় লোহাগাড়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বাদী হয়ে শাহজাহানের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার তদন্ত শেষে ২০২২ সালের ৩০ মে মামলার একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারিক প্রক্রিয়ায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm