৫ সন্ত্রাসীকে ছিনিয়ে নিতে কোস্টগার্ডের গাড়িতে হামলা

বাঁশখালীতে ৫ সন্ত্রাসীকে ছিনিয়ে নিতে কোস্টগার্ডের গাড়িতে হামলা চালানো হয়েছে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে উদ্ধার করা অস্ত্রসহ আটক মনসুর বাহিনীর ৫ সদস্যকে পুলিশের হাতে তুলে দেয় কোস্টাগার্ড।

বুধবার (১২ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন— আবু নছর চৌধুরী (৪৪), আবদুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) এবং মো. সোহেল (২১)। তারা সবাই সরল ইউনিয়নের বাসিন্দা।

কোস্টগার্ড সূত্র জানায়, সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ‘কুখ্যাত মনসুর বাহিনীর’ সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড ওই এলাকায় নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কোস্টগার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল নতুন বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গুলি, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে অভিযান চলাকালে একদল সন্ত্রাসী কোস্টগার্ডের টহল গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম-উল-হক বলেন, অস্ত্রসহ আটক কুখ্যাত মনসুর বাহিনীর ৫ সন্ত্রাসীকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm