আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। পাউবোর জমিতে থাকা পরিবারগুলোকে পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান শুরু করায় বিপাকে পড়েছেন প্রায় সাড়ে চারশ পরিবার। এই অবস্থায় উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ না হলে সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
এদিকে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবারের লোকজন। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মেরিন একাডেমি থেকে শাহাদাত নগর এলাকায় এ আয়োজন করা হয়।
ভুক্তভোগী মোহাম্মদ হান্নান বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে আমাদের পরিবার এখানে বাস করছে। নিজেদের কোনো জমি না থাকার কারণে প্রায় সাড়ে চারশত পরিবার এখানে বাস করছে। কোনো নোটিশ বা পুনর্বাসন না করে আমাদের ঘর-বাড়িতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। শুরুর দিকে সড়ক নির্মাণের জন্য সড়ক থেকে ২৯ ফিট ছেড়ে দিতে বললে আমরা স্বেচ্ছায় ২৯ ফিট জমি ছেড়ে দিই। তারপর গতকাল (২৮ নভেম্বর) বিকেলে উচ্ছেদকারীরা জানায়, এখন পুরো ঘর-বাড়ি ছেড়ে দিতে হবে। সড়ক নির্মাণ আমরাও চাই, তবে আমাদের পুনর্বাসন করার দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী কুনসুমা বেগম বলেন, আমরা ভূমিহীনরা এখানে ঘর নির্মাণ করে স্বামী-সন্তান নিয়ে থাকছি। একদিন আগে মাইকিং করেছে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। এত জরুরিভাবে ভেঙে আমাদের কেন রাস্তায় নামানো হলো সেটাই বুঝতে পারছি না। আমাদের পুনর্বাসন করুন, আমাদের থাকার জায়গা দিন। এই শীতের মধ্যে আমরা কীভাবে রাত্রিযাপন করব। আমাদের এই জায়গা ছাড়া কোথাও থাকার জায়গা নেই।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মিরাজ, ইসলাম মিয়া, মতিন, মোহাম্মদ মামুন, সিদ্দিক ড্রাইভার, মোহাম্মদ আখতার, হারেজ, কুনসুমা বেগম, আয়শা বেগম, রোকেয়া, হারুন, শাহদাত হোসেন বাবু, ইয়াকুব, আকতার হোসেন ও নাসির বুড়ো।
অপরদিকে উচ্ছেদের বিষয়ে পাউবোর প্রকৌশলী বর্ণ হক আলোকিত চট্টগ্রামকে বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর বিষয়ে আমরা জেনেছি। তবে পাউবোর জমিতে উচ্ছেদ অভিযানের বিষয়ে আমরা সওজ থেকে কোনো চিঠি পাইনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হজলে সওজ চট্টগ্রাম দক্ষিণের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা আলোকিত চট্টগ্রামকে বলেন, আনোয়ারা চাতরি চৌমুহনী ও মেরিন একাডেমি সড়ক চার লেনে উন্নীত করার জন্য সরকার জায়গাটি সওজকে দিয়েছে। তাই সওজের জায়গায় তারা উচ্ছেদ অভিযান চালাচ্ছে।
কেএস/আলোকিত চট্টগ্রাম


