৩ ছাত্রদল নেতার বহিষ্কার ঘিরে উত্তপ্ত মিরসরাই

ছাত্রদলের তিন নেতার বহিষ্কার ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে মিরসরাই। এ ঘটনার প্রতিবাদে হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সমাবেশে এই বহিষ্কারাদেশ অবৈধ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তা না হলে গণহারে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে সমাবেশ করে ছাত্রদলের বিক্ষুদ্ধ (একাংশ) নেতা-কর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সালমান হায়দার। নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন স্বজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গফুর জামশেদ এবং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন।

বক্তারা বলেন, সম্প্রতি নিজামপুর সরকারি কলেজ এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কোনোরকম তদন্ত ছাড়া শুধুমাত্র স্বাক্ষরের ক্ষমতা বলে ছাত্রদলের তিন নেতাকে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা এ বহিষ্কার ঘৃণাভরে প্রত্যাখান করছি। এই বহিষ্কার কী জন্য, কাদের খুশি করার জন্য, মিরসরাইয়ের তৃণমূলের নেতাকর্মীরা সবকিছু জানে।

বক্তারা আরও বলেন, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিগত আন্দোলন-সংগ্রামে কারা নির্যাতিত ছাত্রদের বহিষ্কার করছে। আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি, মিরসরাইয়ে রুবেলের প্রবেশ নিষিদ্ধ। মিরসরাইয়ের ছাত্রসমাজ তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে। আগামীতে কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে মিরসরাইয়ের ছাত্রসমাজ এর দাঁতভাঙা জবাব দিবে।

অচিরেই বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ার আশাবাদ ব্যক্ত করে বক্তারা বলেন, আপনারা যদি এই নীল নকশা বহিষ্কার আদেশ করতে থাকেন আমরা গণহারে পদত্যাগের ঘোষণা করবো।

এর আগে ২২ সেপ্টেম্বর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ও সন্ত্রাসী কার্যক্রম জড়িত থাকায় রাতে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শামীম হোসেন এবং উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকারকে বহিষ্কার করা হয়।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm