২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

২২ জুলাইয়ের পর স্থগিত করা হলো ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এ ঘোষণা দেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে এক বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

আরও পড়ুন : এইচএসসি—২ পরীক্ষার্থী বহিষ্কার, আসেনি ১২৩৫ জন

রুটিন অনুযায়ী ২৪ জুলাই অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে মঙ্গলবারের (২২ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সোমবার (২১ জুলাই) রাত ৩টার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এ তথ্য জানান। রুটিন অনুযায়ী মঙ্গলবার রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল। বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩১ জনের প্রাণহানির খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm