সনাতনীদের পবিত্র গীতা দিল সনাতনী সচেতন নাগরিক সমাজ চট্টগ্রাম ও শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কোতোয়ালী থানা শাখা।
বুধবার (১ অক্টোবর) নগরের পাথরঘাটার রাধাকৃষ্ণ মন্দির ও লোকনাথ মন্দিরে দুর্গাপূজার মণ্ডপে পবিত্র গীতা বিতরণ করা হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক, ডা. রাজীব বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সদস্য ও চট্টগ্রামের ট্রাস্টি দীপক পালিত।

অনুষ্ঠানের উদ্বোধক ও আশীর্বাদক ছিলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আয়ান শর্মা।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল।

মহান অতিথি ছিলেন ৩৪:নম্বর পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালি।
বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও সমাজসেবক সাইদুর রহমান সাইদ, সচেতন সনাতনী নাগরিক সমাজের উপদেষ্টা সুজন দাশ নয়ন, সনাতনী নারী নেত্রী সোমা দাশ, কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক পম্পি দাশ, মহানগর শাখার সভাপতি টিংকু বিশ্বাস, সাধারণ সম্পাদক সৌরভ মহাজন, সহসভাপতি অন্তু দাশ, সাধন দাশ বাবুল, রাহুল সাহা ও পলাশ দাশ।
প্রধান অতিথি দীপক পালিত বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গীতা পড়তে দেওয়া হতো না নানা কারণে। এখন অনেক গীতা শিক্ষাকেন্দ্র রয়েছে। গীতা শিক্ষা প্রদানের মাধ্যমে আমাদের সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা বলেন, পারিবারিক শিক্ষার পাশাপাশি গীতা শিক্ষার কোনো বিকল্প নেই। গীতা শিক্ষা হিংসা দূর করে অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিতে পারে।
প্রধান বক্তার বক্তব্যে রাজীব ধর তমাল বলেন, গীতা শিক্ষার অভাবে সনাতনীদের মাঝে বিভিন্ন কুসংস্কার বিরাজ করছে, যা সমাজেও বিভাজন সৃষ্টি করে।

শিশুদের হাতে পবিত্র গীতা তুলে দেওয়ার মাধ্যমে তাদের সঠিক ধর্মচর্চায় আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গীতা শিক্ষার মাধ্যমে সমাজ থেকে বিভাজন দূর করা সম্ভব।
আলোকিত চট্টগ্রাম


