জুলাইয়ে প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর এক স্পট থেকে উদ্ধার করা হয়েছিল ৮০ কেজি ওজনের মৃত ডলফিন। প্রায় সাড়ে পাঁচ মাস পর একই স্থানে ভেসে উঠল ১৩ কেজি ওজনের আরও একটি মরা ডলফিন।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আজিমের ঘাট এলাকা থেকে ডলফিন উদ্ধার করা হয়। পরে ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়।
জানা যায়, ডলফিনটির দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি এবং ওজন ১৩ কেজি ৩৯০ গ্রাম। এ নিয়ে চলতি বছর হালদায় ৩টি ডলফিনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০১৭ সাল থেকে এ পর্যন্ত হালদা নদী থেকে ৪২টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : কী কারণে হালদায় মরছে মাছ—ডলফিন
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ১ জুলাই নদীর একই স্থান থেকে ৮০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।
হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীর শাখা খালগুলোর দূষণের কারণে ডলফিন মারা যাচ্ছে। দূষণসহ সবধরনের ধংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এ বিষয়ে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে আজিমের ঘাট এলাকা থেকে একটি ডলফিন অর্ধগলিত ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মাটিচাপা দেওয়া হয়েছে। তবে মাছের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এসএ/আরবি


