প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে সাড়ে ১৩ কেজি ওজনের একটি মৃত মা মৃগেল মাছ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের শাহ মাদারী হ্যাচারি এলাকার নদীপাড় থেকে মাছটি উদ্ধার করা হয়। মাছটি উদ্ধার করেন হালদা অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রমজান আলী।
মৃত মা মৃগেল মাছটির দৈর্ঘ্য ছিল ৪২ ইঞ্চি, প্রস্থ ১৮ ইঞ্চি। উপজেলা অতিরিক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরামর্শ অনুযায়ী মাছটি মাটিচাপা দেওয়া হয়েছে।
হালদা গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে মোট ৬টি মৃত মা মাছ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মে মাসে ২টি কাতলা ও ১টি মৃগেল, জুনে ২টি কাতলা এবং আজ ১টি মৃগেল।
তিনি আরও বলেন, বর্তমানে হালদা নদী কার্যত অরক্ষিত। বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং জাল ও বড়শি দিয়ে মাছ শিকার চলছে। এমনকি শাখা খালগুলোতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হচ্ছে। যার ফলে মা মাছ মারা যাচ্ছে। এ অবস্থার পরিবর্তনে নৌ পুলিশ, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের তৎপরতা আরও বাড়াতে হবে। নিয়মিত অভিযান চালাতে হবে। তাহলেই হালদার জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে।
এসএ/আলোকিত চট্টগ্রাম


