স্বেচ্ছাসেবক দল সভাপতিকে পিষে মারল চাঁদের গাড়ি

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮)। এ ঘটনায় আরিফ নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ১টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকা সংলগ্ন হাটহাজারী–নাজিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুই সন্তানের বাবা এমরান চৌধুরী চারিয়া সিকদারপাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাংয়ের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে বুড়িপুকুর পাড়ের একটি দোকানে চা খেয়ে এমরান ও আরিফ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি (চট্টগ্রাম খ–২৯৪৪) পেছন থেকে ধাক্কা দিলে দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে চাঁদের গাড়ির নিচে চলে যায়।

গুরুতর আহত দুজনকে উদ্ধার করেন স্থানীয়রা। এমরান চৌধুরীকে নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

যোগাযোগ করা হলে নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন দুর্ঘটনায় একজন নিহতের তথ্য নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘাতক গাড়ি ও চালকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm