দুর্গাপূজাকে সামনে রেখে আয়োজিত প্রস্তুতিসভায়, ‘মদ ও জুয়ার আসর’ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.), জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি।
সোমবার (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, কার্যকরী সভাপতি সাংবাদিক আয়ান শর্মা, সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু এবং কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গাপূজা, সনাতনীদের সর্ববৃহৎ উৎসব। ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় স্বরাষ্ট্র উপদেষ্টার ‘দুর্গাপূজার মেলায় গাঁজা ও মদের আসর’ নিয়ে বক্তব্য সারাদেশের সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা যে সাম্প্রদায়িক, কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন তা কখনো প্রত্যাশিত নয়। স্বরাষ্ট্র উপদেষ্টার এহেন মনগড়া বক্তব্য বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক দেশে কোনোভাবে কাম্য নয়।
বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে হিন্দু ধর্মকে হেয় করা হয়েছে। যা স্বরাষ্ট্র উপদেষ্টার মতো দায়িত্বশীল ব্যক্তির কাছে কখনো কাম্য ছিল না।
নেতৃবৃন্দ বলেন, নেশাজাতীয় দ্রব্য গাঁজা ও মদ দুর্গাপূজার আনুষঙ্গিক কোনো বিষয় কখনও ছিল না, আজও নেই। দুর্গাপূজায় মাতৃ আরাধনা করা হয় এবং দুর্গাদেবীকে পূজা করা হয়। এই মাঙ্গলিক কর্মকাণ্ডে কোনো সময় মদ-গাঁজার ব্যবহার ছিল না এবং পূজা উপলক্ষে গাঁজা বা মদের আসর কিংবা পূজামণ্ডপে মেলা বসেছে, এমন নজিরও নেই।
বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সম্পূর্ণ কাল্পনিক এবং মিথ্যাচার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে, স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য প্রত্যাহার না করলে সনাতনীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে।
বিবৃতিতে বলা হয়, আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করছি।
আলোকিত চট্টগ্রাম


