সোনা এখন ‘সোনার হরিণ’

সোনা যেন এখন ‘সোনার হরিণ’। মাত্র ২৫ দিনের ব্যবধানে সোনার দাম বেড়েছে ৯ বার। সর্বশেষ মাত্র দুদিনের ব্যবধানে ফের বেড়েছে সোনার দাম।

রোববার থেকে (২১ সেপ্টেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়বে এক হাজার ১৫৫ টাকা। অর্থাৎ রোববার থেকে এক ভরি সোনার দাম এক লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মাত্র ২৫ দিনে সোনার দাম বাড়ানো হয়েছে ৯ বার। ২৭ ও ৩১ আগস্ট সোনার দাম বাড়ানো হয়। এরপর ২, ৪, ৮, ৯, ১০, ১৭ ও ২০ সেপ্টেম্বর সাত দফা বাড়ানো হয় সোনার দাম।

দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে এক লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা এবং ২১ ক্যারেটের দাম এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে এক লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৪৫ টাকা বাড়িয়ে এক লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৮০৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm