সেন্ট মার্টিনগামী জাহাজে হঠাৎ আগুন—পুড়ে মরল কর্মচারী, কারণ অজানা

সেন্ট মার্টিনগামী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজে’ আগুন লেগেছে। আগুনে পুড়ে মারা গেছেন জাহাজের এক কর্মচারী।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে এ ঘটনা ঘটে। সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

জানা গেছে, কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী পর্যটকদের তুলতে জাহাজটি ভেড়ার ঠিক আগমুহূর্তে আগুন লেগে যায়। এ সময় আগুনে জাহাজের এক কর্মচারীর মৃত্যু হয়। ট্রলার ও স্পিডবোট করে স্থানীয়রা জাহাজের ক্রুসহ ১৫ জনকে উদ্ধার করে।

এদিকে জাহাজে আগুন লাগার ঘটনায় সেন্ট মার্টিনগামী পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই জাহাজের টিকিট কাটা ২০০ যাত্রীর মধ্যে ১২০ জনকে তুলে দেওয়া হয় অন্য তিনটি জাহাজে। বাকি ৮০ জন কাল (২৮ সেপ্টেম্বর) সেন্টমার্টিন যেতে পারবেন।

এদিকে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, জাহাজের এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

সকাল ৯টার দিকে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটে আগুনের ঘটনা সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি বলেন, জাহাজে আগুন লাগার কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে সভার সিদ্ধান্তও হয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm