সেন্টমার্টিন ভ্রমণের সময় শেষ, ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত পর্যটননির্ভর মানুষেরা
শেষ হয়ে গেল চলতি মৌসুমের সেন্টমার্টিন ভ্রমণ। আজ (৩১ জানুয়ারি) সেন্টমার্টিন থেকে পর্যটকদের জাহাজ কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চলতি মৌসুমের সেন্টমার্টিন ভ্রমণের ইতি হয়। আজ বিকেলে সব জাহাজ পর্যটকদের নিয়ে সেন্টমার্টিন ছেড়ে যায়।
সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আরোপিত বিভিন্ন বিধিনিষেধের কারণে এবার দ্বীপটিতে পর্যটকের সংখ্যা অন্যান্য সময়ের চেয়ে কম ছিল।
ব্যবসায়ীরা বলছেন, পর্যটক কম হওয়ায় চলতি মৌসুমে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। অনেকে কর্মচারীদের বেতনও পরিশোধ করতে পারেননি।
পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানান ব্যবসায়ীরা।
এদিকে চলতি মৌসুমে পর্যটন কম হওয়ার কথা স্বীকার করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম। তিনি বলেন, চলতি মৌসুমে ডিসেম্বর ও জানুয়ারি দুমাস সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ পান পর্যটকরা। কিন্তু এই দুমাসে দ্বীপে পর্যটকের সংখ্যা প্রত্যাশার তুলনায় কম ছিল। ফলে পর্যটননির্ভর মানুষরা লাভবান হতে পারেননি। অনেক ব্যবসায়ী তাদের দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন পরিশোধে হিমশিম খেয়েছেন। এ অবস্থায় পর্যটনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করা মানুষ ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।
আলোকিত চট্টগ্রাম

