কক্সবাজারের টেকনাফ স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেছে মো. হানিফ (২৮) নামে এক যুবকের পা।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে হোয়াইক্যাং সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত হানিফ হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে।
স্থানীয়রা জানান, হোয়াইক্যং সীমান্তের নাফ নদীসংলগ্ন এলাকায় ব্যক্তি মালিকানাধীন এক চিংড়িঘেরে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হন হানিফ। বিস্ফোরণে তাঁর বাঁ পা উড়ে গেছে। তাঁকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বন্ধ রয়েছে নাফ নদীতে মাছ ধরা।
জানা যায়, রোহিঙ্গা বিদ্রোহীগোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশ এবং সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এর আগেও স্থলমাইন বিস্ফোরণে কয়েকজন জেলে আহত হন।
পুলিশ জানায়, হানিফ হোয়াইক্যং সীমান্তের কাছে ব্যক্তি মালিকানাধীন ওই চিংড়ির খামারে চাকরি করেন। সকাল ১০টার দিকে তিনি খামারে রাখা নৌকা ঠিকমতো আছে কিনা দেখতে যান। এ সময় পুঁতে রাখা স্থলমাইনটি বিস্ফোরণ হলে তাঁর বাঁ পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
হানিফের চিৎকার শুনে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। নাফ নদী ও সীমান্তের ঝুঁকিপূর্ণ অবস্থানে বাংলাদেশিরা যেন না যান, সে ব্যাপারে লোকজনকে সতর্ক করছে পুলিশ।
অপরদিকে নাফ নদী ও সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ও টহল জোরদার করা আছে, বলছে বিজিবি।
আলোকিত চট্টগ্রাম

