সাতসকালে অস্ত্র বেচাকেনা করতে গিয়েছিল আওয়ামী লীগ নেতা

আনোয়ারায় অবৈধ অস্ত্র বেচাকেনা গিয়ে ধরা খেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচএম নজরুল ইসলাম (৫৫) ও তাঁর সহযোগী মীর হোসেন মিয়া (৪৩)। তাদের কাছ থেকে ৪টি এলজি ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলা সদরের ইছামতি সড়কের নুরজাহান ভবনের সামনে থেকে তাদের আটকের পর এসব অস্ত্র উদ্ধার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

জানা যায়, আটক এইচএম নজরুল ইসলাম উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইছামতি সড়ক এলাকার মৃত মুফিজুর রহমান প্রকাশ নাগুমিয়ার ছেলে।

আরও পড়ুন : পটিয়ায় পুলিশের জালে কাশেম বাহিনীর প্রধান হামিদ, অস্ত্র উদ্ধার

থানা পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র কেনাবেচার জন্য সকাল সাড়ে ৭টার দিকে ইছামতি সড়কে একটি অটোরিকশা দাঁড়ায়। এসময় অভিযান চালিয়ে চালকসহ দুজনকে সেখান থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ওই অটোরিকশা থেকে চারটি এলজি উদ্ধার করা হয়। এছাড়া চালক নজরুল ইসলামের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে এ ঘটনায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার ওসি মো. সাজেদুল ইসলাম আটকদের বিরুদ্ধে মামলা করেন।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, আটকদের প্রথমে থানায় আনা হয়। পরে এখান থেকে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm