ইভ টিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আকস্মিক অভিযান চালিয়েছে সাতকানিয়া উপজেলা প্রশাসন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে আকস্মিক এ অভিযানে আটক করা হয় ৩ মোটরসাইকেল আরোহীকে।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার ছমদিয়া পুকুর পাড়, জলিলের দোকান, করাইয়ানগর ও পৌরসভার কলেজ রোডে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তিনি আকস্মিক এ অভিযান চালান।
অভিযানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তিন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। তারা মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ঘোরাঘুরি না করার জন্য সতর্ক করা হয়।
যোগাযোগ করা হলে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান আলোকিত চট্টগ্রামকে বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়েছে। যেখানে ইভ টিজিং হবে, সেখানেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। ছাত্রীরা যাতে নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
ডিএ/আলোকিত চট্টগ্রাম


