সাতকানিয়ায় বাউন্ডারি ওয়াল নির্মাণ করা নিয়ে সংঘর্ষে নুরুল কবির (৪০) নামে এক যুবক খুন হয়েছেন। রক্তাক্ত হয়েছেন মা ও তিন ভাই।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছড়ারকুল সুয়ার বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পেশায় টমটম চালক নুরুল কবির মৃত আমির আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা।
আহতরা হলেন— নিহতের ভাই জানে আলম (৩০), মো. আলম (২৫) ও মো. আবছার (৩৫) এবং মা মমতাজ বেগম (৬০)।
জানা যায়, উপজেলার এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল এলাকায় আব্দুল মজিদ ও তাঁর ছেলেরা নুরুল কবিরদের বাড়ির পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করছিলেন। এতে বাধা হয়ে দাঁড়ায় নুরুল কবিরদের ব্যবহৃত একটি টয়লেট। এ নিয়ে আগে থেকেই দুপক্ষের বিরোধ চলে আসছিল। এ নিয়ে নুরুল কবির গত আগস্ট মাসে থানায় অভিযোগও করেন।
শনিবার বিকেলে একই জায়গায় আবারও বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আব্দুল মজিদ ও তার ছেলেরা ধারালো দা দিয়ে নুরুল কবিরকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে গেলে কুপিয়ে জখম করা হয় মা এবং ভাইদেরও।
পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে নুরুল কবিরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৮ ঘণ্টা পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল কবির।
যোগাযোগ করা হলে সাতকানিয়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত আলোকিত চট্টগ্রামকে বলেন, জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে নুরুল কবির নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
ডিএ/আলোকিত চট্টগ্রাম


