দাম বাড়ছে সয়াবিন তেলের। একইসঙ্গে দাম বাড়বে পাম তেলেরও। ব্যবসায়ীদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দাম কত বাড়ানো হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
সোমবার (২২ সেপ্টেস্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। আমরা পর্যালোচনা করছি। তারপর তাদের সঙ্গে আলাপ করে ভোজ্যতেলের দাম কত বাড়ানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
এর আগে ১৩ এপ্রিল প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা নির্ধারণ করা হয়।
আলোকিত চট্টগ্রাম


