সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই।
এ মন্তব্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, সাংবিধানিকভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই এবং রাষ্ট্রপতি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি।
তিনি বলেন, গণভোটের রায় হিসেবে সংবিধানে ধারণ করতে হলে আগে সংবিধান সংশোধনী হতে হবে। সেটা সংসদে আলাপ-আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সেই মতে সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফরম হয়, শপথ গ্রহণ করতে হয়; সেটা পরের ব্যাপার।
সালাহউদ্দিন আহমদ বলেন, মহামান্য রাষ্ট্রপাতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের, তিনি সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করেননি। আমরা সাংবিধানিকভাবে জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছি। এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার পরিষদ) সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, যা জুডিশিয়ারিতে আছে। সেটা জুডিশিয়ারির বিষয়। তবে সাংবিধানিকভাবে সেরকম কোনো পরিষদের অস্তিত্ব আমাদের সামনে নেই।
আলোকিত চট্টগ্রাম


