রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, খুন-ডাকাতি-চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল (৫২) গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে সোমবার (১০ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
মেজর ইকবাল রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুছ প্রকাশ কালু মেম্বারের ছেলে।
যোগাযোগ করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, থানার নথিপত্র অনুযায়ী ইকবালের বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ মারামারি ও অপহরণ সংক্রান্ত ১১টি মামলা রয়েছে।
এসএ/আলোকিত চট্টগ্রাম


