শান্তিরহাটে ব্যবসায়ী লাশ, পালিয়ে গেল মাইক্রোবাস

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় ফজলুল কাদের (৭০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) বিকেলে মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলুল কাদের কক্সবাজারের চকরিয়া উপজেলার তরজঘাটা এলাকার বাচা মিয়ার ছেলে।

স্থানীয় ও পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী ফজলুল কাদের পটিয়ার শান্তিরহাট এলাকায় গাড়ি থামিয়ে আসরের নামাজ আদায় করার জন্য সড়কের পাশে দাঁড়ান। এ সময় উল্টো দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পটিয়া জরুরি বিভাগের চিকিৎসক ওই ব্যবসায়ীর অবস্থা দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ ওয়াসিম বিষয়টি নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, গাড়ির ধাক্কায় গুরুতর আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে নেওয়ার পথে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্যবসায়ীকে ধাক্কা দেওয়া মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় চালককে গ্রেপ্তার করা যায়নি।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm