লোহাগাড়া থানা থেকে পালিয়ে যুবলীগ নেতা লুকিয়ে ছিল বাঁশখালীতে

লোহাগাড়া থানা থেকে পালিয়ে যাওয়া যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম সজিবকে (৩৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বাশঁখালী থানার বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম সজিব লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) বলিপাড়ার নজির আহমদের ছেলে ।

আরও পড়ুন : লোহাগাড়া থেকে চকরিয়া বেড়াতে এসে লাশ যুবক, রক্তাক্ত ২

এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে তাকে কলাউজান বাংলাবাজার বাহাদুরপাড়ার আব্দুল আলমের বাড়ি থেকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিন সকাল সাড়ে ৯টার দিকে থানা থেকে পালিয়ে যান আসামি মো. সাইফুল ইসলাম সজিব। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় লোহাগাড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলামসহ ৪ পুলিশকে প্রত্যাহার করা হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, অর্থ আদায়, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ছিল সাইফুল ইসলামের বিরুদ্ধে। ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ ভোর সাড়ে ৫টার দিকে বাশঁখালী থানার বাহারছড়া এলাকা থেকে পলাতক আসামি মো. সাইফুল ইসলাম সজিবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm