লোহাগাড়ায় দড়ি ছিঁড়ে পালাতে থাকা গরুর শিংয়ের আঘাতে করুণ মৃত্যু হয়েছে সারাবান তহুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর। আহত হয়েছেন কামাল হোসেন (৪১) নামে এক যুবকও।
বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশপথে এ ঘটনা ঘটে।
সারাবান তাহুরা পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মল্লিক ছোবহান নজর আলী সিকদারপাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে।
আহত কামাল হোসেন সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকারপাড়ার আহমেদ হোসেনের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ী গরুটি বেচার জন্য পদুয়া তেওয়ারিহাট বাজারে নিয়ে এসেছিলেন। গরুটি গাড়ি থেকে নামিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ গরুটি দড়ি ছিঁড়ে পালাতে থাকে।
এদিকে আলফা একাডেমি কোচিং সেন্টারে যাওয়ার সময় পালাতে থাকা গরুটি সারাবন তহুরাকে পেছন থেকে শিং দিয়ে আঘাত করে। এ সময় গাছ ও পাকা পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তার নাক ও মূখ দিয়ে প্রচণ্ড রক্ত ঝরতে থাকে। আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক কিশোয়ারা সাদিয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, সারাবন তহুরা নামের এক শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
যোগাযোগ করা হলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত চট্টগ্রাম


