লোহাগাড়ায় একটি ওয়ার্কসপ থেকে চুরি করা তিনটি অটোরিকশাসহ ম্যানেজারকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জোনাবীরপাড়া, কাজির পুকুরপাড় এলাকার নুরুল কবির কোম্পানির মালিকানাধীন শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে অটোরিকশাসহ তাকে আটক করা হয়।
আটক ম্যানেজারের নাম তামজিদ হোসেন (২৭)। তিনি একই সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড দরবেশহাট মাওলানাপাড়ার মোস্তাক আহম্মদের ছেলে।
আরও পড়ুন : অটোরিকশা চুরির পর ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া সেই চোর ধরা
এদিকে এ ঘটনায় লোহাগাড়ার আমিরাবাদ খুলু খলিফার বাড়িতে বসবাসকারী আবদুল কাদেরের ছেলে নুরুল কবিরসহ (৪৫) অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, চুরি করে অটোরিকশা এনে শাহপীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে ইঞ্জিন ও চেসিস নম্বর মুছে ফেলে বিভিন্ন পার্টস এবং রঙ পরিবর্তন করে অটোরিকশা বিক্রি করে আসছিল।
এ বিষয়ে লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, তিনটি চোরাই অটোরিকশাসহ জড়িত একজনকে আটক করা হয়েছে। তবে ওয়ার্কসপের মালিক নুরুল কবির পলাতক। নুরুল কবিরসহ চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।
এসএস/আরবি


