লোহাগাড়ায় সাংবাদিক ফাহাদ ইবনে হাশেমের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে আমিরাবাদ ইউনিয়নের (৩নং ওয়ার্ড) সৈয়দপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফাহাদ ইবনে হাশেম (ফাহাদ চৌধুরী) বাদী হয়ে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, ফাহাদ দৈনিক খোলা কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি। বুধবার গভীর রাতে তাঁর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের দরজার হুক কেটে ভেতরে ঢুকে নগদ ৫ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
সাংবাদিক ফাহাদ চৌধুরী বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। বাবার চিকিৎসার সুবিধার্থে গত দুই সপ্তাহ ধরে পুরো পরিবার আমিরাবাদ মোটর স্টেশন এলাকায় আমার বোনের বাসায় অবস্থান করছিল। এ সুযোগে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল বাড়ির লোহার দরজার হুক কেটে ভেতরে ঢুকে। চোরেরা ঘরের দুটি স্টিলের আলমারি ভেঙে বাবার চিকিৎসার জন্য জমানো নগদ ৫ লাখ টাকা, মায়ের ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং বসতভিটাসহ বিভিন্ন জমির কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরদিন দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বাড়ি এসে আলমারি ভাঙা ও মালামাল তছনছ অবস্থায় দেখতে পান।
জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আলোকিত চট্টগ্রামকে বলেন, সাংবাদিকের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিক লোহাগাড়া থানার একটি টিম পাঠাই। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এসএ/আলোকিত চট্টগ্রাম


