রোহিঙ্গা ক্যাম্প ঘিরে ইয়াবা পাচারের নেটওয়ার্ক, ৩ অভিযানে ৩ জন ধরা

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘিরে গড়ে ওঠা ইয়াবা পাচারের বড় নেটওয়ার্কের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে টানা তিনটি বিশেষ অভিযানে দুই রোহিঙ্গা শরণার্থীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টানা তিনটি অভিযান চালানো হয়েছে। এর মধ্যে দুটি চালানই সরাসরি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রাম শহরে আসছিল।

অভিযান সূত্রে জানা যায়, রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মুজাফরাবাদ এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে রোহিঙ্গা শরণার্থী আব্দুল মাজেদকে (৩৭) শরীরে বিশেষ কায়দায় লুকানো ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আরেক অভিযানে মহাসড়কের

পটিয়া কমলমুন্সির হাট এলাকায় বিশেষ তল্লাশি চালিয়ে মো. শাহ আলম (৪০) নামের একই ক্যাম্পের আরেক রোহিঙ্গা শরনার্থীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫ হাজার ৭০০ পিস ইয়াবা।

এদিকে একইদিন বেলা ১২টার দিকে পৃথক আরেক অভিযানে পটিয়া কমলমুন্সির হাট চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার বাসিন্দা মাদক ব্যবসায়ী আতিকুর রহমানকে (৫১) আটক করা হয়। তার কাছ থেকে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ তিনটি বিশেষ অভিযানে ছিল অধিদপ্তরের উপপরিদর্শক এ কে এম আজাদ উদ্দিনের নেতৃত্বাধীন একটি টিম।

অপরদিকে আটক তিন আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কেএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm