রাস্তায় কনকনে শীতে ১৪ মাসের ভাইকে ৪ বছরের বোনের আগলে রাখার গল্পের সমাপ্তি

আনোয়ারায় রাস্তার পাশ থেকে ভাইবোন উদ্ধারের ঘটনাটি দেশজুড়ে আলোড়ন তুলেছিল। কনকনে শীত থেকে বাঁচাতে ১৪ মাসের বাক প্রতিবন্ধী ভাই মোরশেদকে বুকে জড়িয়ে আগলে রেখেছিলেন ৪ বছরের বোন আয়েশা। সেই আয়েশা-মোরশেদের গল্পের সমাপ্তি ঘটেছে। কারণ ছোট্ট শিশু মোরশেদ যে চলে গেছে না ফেরার দেশে।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু মোরশেদ।

এ বিষয়ে হাসপাতালে থাকা স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সদস্য সাফায়েত রায়হান আলোকিত চট্টগ্রামকে বলেন, গত কয়েকদিন ধরে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায়, চট্টগ্রাম সিভিল সার্জনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল শিশু মোরশেদ। আজ চিকিৎসাধীন অবস্থা সে মারা যায়। তার বাবা কারগারে। মায়ের খোঁজ এখনো মিলেনি। হাসপাতালে তার দাদি রয়েছেন।

শিশুটির দাদি পারভীন আক্তার (৬৫) জানান, মোরশেদের মরদেহ তাদের দেশের বাড়ি খাগড়াছড়ির মানিকছড়িতে নিয়ে যাওয়া হবে।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার আলোকিত চট্টগ্রামকে বলেন, শিশু মোরশেদ চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা গেছে। তার মরদেহ মানিকছড়ি নিয়ে যাওয়া হবে। তার বোনকে যদি তার দাদি নিতে চান তাহলে দাদির কাছে তাকে দিয়ে দেওয়া হবে। না হয় অন্য সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন দুই শিশুকে উদ্ধার করেন মহিম নামের এক অটোরিকশা চালক। পরে বিষয়টি জানাজানি হলে মানবিক দিক বিবেচনায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ওই দুই শিশুর দায়িত্ব নেয়। ৩১ ডিসেম্বর রাত ১টার দিকে বাঁশখালী থেকে তাদের বাবা খোরশেদ আলমকে আটক করা হয়। পরে পুলিশি হেফাজতে পারিবারিক কলহের কথা জানান খোরশেদ আলম। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm