বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসউদ ও নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদকে জিম্মি করে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ আয়োজন করা হয়।
আয়োজনে সমন্বয়করা অভিযোগ করেন, ‘ডট গ্যাং’ নামে পরিচিত গ্যাংটি, যাদের সঙ্গী হিসেবে খ্যাতি লাভ করেছেন খান তালাত মাহমুদ রাফি ও রিজাউর রহমান, তাদের প্রশ্রয়ে হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন : চট্টগ্রামে যুবকের লাশ, হাত-পা বাঁধা—মুখে স্কচটেপ
আন্দোলনের সদস্যরা তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ তুলে ধরে এই গ্যাংয়ের সদস্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সমন্বয়করা জানান, ‘ডট গ্যাং’ চট্টগ্রামজুড়ে চাঁদাবাজি এবং সাইবার বুলিংয়ে লিপ্ত। তারা আন্দোলনের নারী সদস্যদের সঙ্গে অবাঞ্ছিত ও আক্রমণাত্মক আচরণ করেছেন। মানববন্ধনে উপস্থিত নারী সমন্বয়করা এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আন্দোলনের নেতারা জানিয়েছেন, চট্টগ্রামের একটি প্রডাকশন হাউজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর আন্তর্জাতিক মানের ডকুমেন্টারি তৈরির কাজ চলছিল। সেখানে ডট গ্যাং-এর সদস্যরা গিয়ে হান্নান মাসউদ ও রাসেল আহমেদকে অবরুদ্ধ করে রাখে এবং প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ভাংচুর করে।
এদিকে শিক্ষার্থীরা এই গ্যাংয়ের সদস্যদের এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আলোকিত চট্টগ্রাম


