রাতে পর্যটন এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, রেলের কর্মচারীর মাথায় ১০ সেলাই

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একজন রেল কর্মচারী রক্তাক্ত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাত সোয়া ৮টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আহত রেল কর্মচারীর নাম ছাবের আহমদ (৫২)। তিনি রেলের বেডিং পোর্টার (ট্রেনের এসি এবং অন্যান্য কোচে যাত্রীদের জন্য বেডিং-চাদর, বালিশ, কম্বল সরবরাহ করা ব্যক্তি) পদে কর্মরত। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

রেলের কর্মকর্তা-কর্মচারীরা জানান, সোমবার রাত পৌনে আটটায় কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে পর্যটন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। রাত সোয়া আটটার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশন পার হয়ে ডুলাহাজারা রেলস্টেশনে ঢোকার আগমুহূর্তে কোনো এক দুর্বৃত্ত ট্রেনে পাথর ছুঁড়ে মারে।

এতে ট্রেনে থাকা বেডিং পোর্টার ছাবের আহমদের মাথা ফেটে যায়। পরে ট্রেন থামিয়ে তাঁকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

তাঁরা আরও জানান, অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ছাবের আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে রেলওয়ের ডুলাহাজারা স্টেশন মাস্টার মোহাম্মদ মোস্তফা আলোকিত চট্টগ্রামকে বলেন, ঈদগাঁও ও চকরিয়া উপজেলার মধ্যবর্তী স্থানে পাথর নিক্ষেপের ঘটনাটি ঘটেছে বলে জানতে পেরেছি। আহত বেডিং পোর্টার ছাবের আহমদের মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এমকেডি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm