রাউজানে আরাফা খাতুন (৬৫) নামে এক কৃষাণীর গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়ে গেছে।
শনিবার (১২ এপ্রিল) রাতে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের কালাকাতেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষাণী আরফা খাতুন বলেন, রাতে কুড়া-ভূষি খাইয়ে গোয়ালঘরে গরুগুলো বেঁধে ঘুমিয়ে পড়ি। আজ (১৩ এপ্রিল) সকালে গিয়ে দেখি একটি গরুও গোয়ালঘরে নেই। পরে একটি বাছুর গোয়ালঘর থেকে কয়েকশ ফুট দূরে দেখতে পাই। তিনটি গাভী, একটি ষাঁড়সহ মোট চারটি গরু চুরি হয়েছে। গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আমি রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
আরও পড়ুন : এবার পুলিশ ধরল ৩ গরু চোরকে
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, কদলপুরে অনেকের গরু চুরি হয়েছে। গতকাল আবারও এক নারীর চারটি গরু চুরি হয়েছে। প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না।
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, গরু চুরির ঘটনায় কেউ অভিযোগ করেনি। এরপরও আমি খোঁজ নিয়ে দেখব।
এসএ/আরবি


