রাতের আঁধারে যুবক খুন, ২০ মিনিট বন্ধ ছিল চট্টগ্রাম-রাঙামাটি সড়ক

হাটহাজারীতে ছুরিকাঘাতে খুন হয়েছেন মাহবুব আলম (৩৬) নামে এক যুবক।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ীর মৃত আবদুল নবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম পেশায় মাইক্রোবাস চালক ছিলেন। এর পাশাপাশি তিনি ওই এলাকার আলাউল হল নামের একটি বিল্ডিংয়ের দেখাশুনার কাজে নিয়োজিত ছিলেন।

ঘটনার সময় তিন-চারজন জন দুর্বৃত্ত ওই এলাকার গিয়ে মাহবুব আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মাহবুবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় মাহবুবের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের বাড়ি গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

এদিকে মাহবুব আলমের নিহতের খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে উঠেন। খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কলাতল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় অন্তত ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

যোগাযোগ করা হলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে আলোকিত চট্টগ্রামকে বলেন, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।

এসএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm