রাজনীতিতে যুক্তদের পর্যবেক্ষক নয়

আসন্ন সংসদ নির্বাচনে রাজনীতিতে যুক্তদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার জন্য দেশি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ‎এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৫ নভেস্বর) সকালে স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে পরিচিতিমূলক সভায় তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের সহযোগী। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়াটি দেখতে চাই। সংস্থাগুলোর নিয়োগ করা মাঠকর্মীরা যাতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রচারণায় যুক্ত না হন, সে বিষয়েও কঠোর নির্দেশনা দেন সিইসি।

তিনি বলেন, জাতিকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে ওয়াদা নির্বাচন কমিশন দিয়েছে, তা কমিশনের একার পক্ষে সম্ভব নয়। সবাই মিলে এই দায়িত্ব পালন করতে হবে। আমরা আপনাদের চোখ দিয়েও এই ইলেকশনটা দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের নির্বাচনের দেখাটাও কিন্তু সঠিক হবে না।

সংস্থাগুলোর প্রতি আহ্বান সিইসি বলেন, আপনারা যাদেরকে কাজে যুক্ত করবেন, তারা কোনো রাজনীতির সঙ্গে, কোনো পার্টির সাথে জড়িত আছে কিনা, লিংক আছে কিনা, মিছিল-মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে—এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। পর্যবেক্ষকের দায়িত্ব হবে ‘টু অবজার্ভ, নট টু ইন্টারভেন’ (পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ না করা)।

সিইসি আরও বলেন, ভোটে সিসি ক্যামেরা হলো পর্যবেক্ষক এবং আমার সিসি ক্যামেরা হলো সাংবাদিকরা। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পর্যবেক্ষকদের এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm