রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের টিম।
রোববার (৮ অক্টোবর) গভীর রাতে এই অভিযান শুরু হয়। অভিযানে উদ্ধার করা হয় চাঞ্চল্যকর আব্দুল হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত ৪টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি চায়না রাইফেল, ১টি শর্টগান, ৪৯ রাউন্ড রাইফেলের গুলি (৭.৬২), ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১৯ রাউন্ড পিস্তলের গুলি (৭.৬৫), ৭টি ম্যাগজিন, ২টি দেশীয় রামদা, ১টি রকেট ফ্লেয়ার, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা (আনুমানিক) এবং ৯৬ হাজার নগদ টাকা।
এ সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার আইয়ুব আলী সওদাগর বাড়ির সোবহান প্রকাশ শহর মুল্লুকের ছেলে মো. শাহেদ এবং একই এলাকার মৃত মো. শওকতের ছেলে মো. সাকিব।
জানা যায়, হাকিম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া স্বীকারোক্তি মতে আইয়ুব আলী সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযান শেষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, হাটহাজারী উপজেলার মদুনাঘাট ব্রিজের কাছে চাঞ্চল্যকর হাকিম হত্যার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
গত ৭ অক্টোবর ব্যবসায়ী আব্দুল হাকিম খুন হন। এরপর ৬ জন আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
৪ নভেম্বর রাতে হাটহাজারী থানার একটি বিশেষ টিম রাউজানের নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সাকলাইন হোসেনকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে খুনে ব্যবহৃত একটি একনলা বন্দুক, একটি এলজি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসএ/আলোকিত চট্টগ্রাম


