রাউজানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চার বসতঘর। এতে নগদ টাকা, আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার (২১ জুলাই) সকাল ৬টায় উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা গ্রামের বড়ঠাকুরপাড়ার হাজী কবির আহমদ মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা হলেন— আবুল হোসেন, হাসমত আলী, আলী আহমদ ও রফিক আহমদ।
আরও পড়ুন : নিউমার্কেটে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন, চালক-হেলপার আটক
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বীনা চৌধুরী, প্রশাসিনক কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী ও গ্রাম পুলিশ দফাদার প্রধান সুকুল বড়ুয়া। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের পরিবারকে খাদ্যসামগ্রী সহায়তা দেন।
যোগাযোগ করা হলে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আজম আলী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুনে একটি সেমিপাকা ও তিনটি
কাঁচা বসতঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। ক্ষতি আনুমানিক ১৫ লাখ টাকা। আমরা ঘটনাস্থলের আশপাশের অনেক বসতঘর রক্ষা করতে সক্ষম হয়েছি।
এসএ/আরবি


