যেভাবে বিদেশি শিশুখাদ্য আনে জিইসি মোড়ের লাজ ফার্মা

নগরে উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া বিদেশি ব্র্যান্ডের গুঁড়া দুধ ও শিশুখাদ্য বিক্রির অপরাধে লাজ ফার্মা নামের একটি ওষুধের দোকানকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সকালে নগরের জিইসি মোড় এলাকার লাজ ফার্মাতে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক নাসরিন আক্তার।

আরও পড়ুন : মেয়াদ ছাড়া ওষুধ বেচে লাজফার্মা—রুহান মেডিসিন

অভিযান সূত্রে জানা যায়, লাজ ফার্মা দোকানে সাজিয়ে রাখা বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের গুঁড়া দুধ ও শিশুখাদ্যের প্যাকেটে ছিল না উৎপাদন ও মেয়াদের তারিখ। এছাড়া কিছু পণ্য ছিল একেবারে মেয়াদোত্তীর্ণ। বিদেশি এসব পণ্য আমদানির কোনো প্রমাণ কিংবা কাজগপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ বলেন, বিদেশি বিভিন্ন পণ্যের গায়ে উৎপাদন কিংবা মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ ছিল না। তারা আমদানির কোনো নথিপত্র দেখাতে পারেনি। তবে পণ্যগুলো ব্যাগেজের মাধ্যমে বিদেশ থেকে আনা হয়েছে বলে স্বীকার করেছেন।

তিনি বলেন, দোকানে রাখা হরলিক্স, ওটস, সেরেলাক, নিডো গুঁড়া দুধসহ বিভিন্ন পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কিছুই ছিল না। অনুমোদনহীন বিদেশি খাদ্যপণ্য বিক্রির অপরাধে এ প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm